গোয়ালন্দে নবাগত ইউএনও কে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক, চ্যানেল দৃষ্টি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নবাগত নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল হুদার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’। গত ১২ আগস্ট সংস্থার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির ও গোয়ালন্দ উপজেলা ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাছির, গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ রতন শেখ, সাধারণ সম্পাদক মোঃ মোন্নাব শেখ, প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সহ-সাধারণ সম্পাদক (বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল প্রতিবন্ধী ব্যক্তি, উদ্যোক্তা ও সংগঠক) মোঃ রকিবুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সিদ্দিক সরদার, সহ-সাধারণ সম্পাদক হালিম শেখ, সাংগঠনিক সম্পাদক ইউনুচ খা এবং কার্যকরী সদস্য শিমুল সরদারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সাক্ষাৎকালে সংস্থার সভাপতি মোঃ রতন শেখ ও প্রধান সমন্বয়কারী মোঃ রকিবুল ইসলাম ইউএনও মহোদয়ের নিকট সংস্থার সামগ্রিক কার্যক্রম তুলে ধরে ব্রিফ করেন।
মোঃ রকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন, “গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা শতভাগ প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারা পরিচালিত একটি স্ব-সংগঠন, যা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত। প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থসামাজিক উন্নয়ন, উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্তকরণ, নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত সংগঠনটি শতাধিক প্রতিবন্ধী ভিক্ষুককে পুনর্বাসিত করতে সক্ষম হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তুলতে সংস্থাটি— চ্যালেঞ্জিং ফুলঝাড়ু প্রকল্প, এক্সেসিবিলিটি রিক্সা প্রকল্প, ত্রাণ বিতরণ কর্মসূচি ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।”
সংস্থার সভাপতি মোঃ রতন শেখ জানান, প্রতিবছর মহান বিজয় দিবসে উপজেলা মাঠে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ফুটবল খেলার আয়োজন করা হয় এবং উপজেলা প্রশাসন এ কাজে সর্বদা সর্বাত্মক সহযোগিতা করে থাকে। তিনি ইউএনও মহোদয়কে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানান। এ ছাড়াও তিনি আরও জানান, সম্প্রতি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-এর উদ্যোগে রাজবাড়ী জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের আরও একটি নতুন সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে যার নাম “সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থা”। এই নতুন সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসার মাইনুন নাহার, উপদেষ্টা হিসেবে প্রফেসার হিটু চৌধুরী এবং সভাপতি হিসেবে মোঃ মেহেদী দায়িত্ব পালন করছেন। মোঃ রকিবুল ইসলাম এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন বলে জানান।
উপস্থিত অতিথিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন নবাগত নির্বাহী অফিসার সাইফুল হুদা। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সংস্থার সকল উন্নয়নমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি অচিরেই সংস্থাটির কার্যালয় পরিদর্শনে যাওয়ার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন।

Post a Comment