গোয়ালন্দে অসহায় নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
ঈদুল ফিতর উপলক্ষে ৪০ জন অসহায় নারী ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সিটিজেন ডেভোলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় খাদ্যসামগ্রী প্রদান করেছে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা
গোয়ালন্দ (রাজবাড়ী), ১১ মার্চ ২০২৬:
গত ১১ মার্চ ২০২৬ তারিখে Citizen Development Foundation (সিডিএফ)-এর সহযোগিতায় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (জিইউপিইউএস) দৌলতদিয়াস্থ প্রধান কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জিইউপিইউএস-এর সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিক সরদারের সভাপতিত্বে এবং সংগঠনটির প্রধান সমন্বয়কারী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তি, উদ্যোক্তা ও গবেষক মোঃ রকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিএফ-এর নির্বাহী পরিচালক ও জিইউপিইউএস-এর অন্যতম পৃষ্ঠপোষক মোঃ তাইজদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিইউপিইউএস-এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংগঠনটির দাতা সংস্থা Hussain Youth Foundation-এর পরিচালক মোঃ সুলতান।
এ সময় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪০ জন বয়স্ক দুস্থ নারী ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ঈদ উপহার হিসেবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ শেষে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সিডিএফ-এর নির্বাহী পরিচালক মোঃ তাইজদ্দিন দৌলতদিয়া ইউনিয়নের সরকারি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি সেখানে শিক্ষা প্রসারের লক্ষ্যে একটি মক্তব চালু করা এবং স্থানীয় মসজিদের ইমামের বেতন প্রদানের প্রতিশ্রুতি দেন।
এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।






কোন মন্তব্য নেই