Subscribe Us

ads header

Breaking News

হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সহযোগিতায় জিইউপিইউএস এর প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ উপহার বিতরণ


সৌদি প্রবাসী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাসিন্দা মানবিক ব্যক্তি মোহাম্মদ হোসাইনের নামে গঠিত “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন” এর সহযোগিতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার ৫০ জন দুস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের মাঝে উপহারস্বরূপ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান হোসেনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক মো. আয়নাল আহসানের সঞ্চালনায় এই কার্যক্রম সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল প্রতিবন্ধী ব্যক্তি, উদ্যোক্তা, সংগঠক এবং গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী মোঃ রকিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিক সরদার, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামসহ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী মোঃ রকিবুল ইসলাম বক্তব্য রাখেন। তিনি সংস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বার্থে সংগঠনের বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন। তিনি বলেন, “গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (জিইউপিইউএস) প্রতিবন্ধী ব্যক্তিদের একটি স্ব-সংগঠন, যা তাদের জীবনমান উন্নয়ন ও আর্থসামাজিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। জিইউপিইউএস রিক্সা প্রকল্প ও ফুলঝাড়ু তৈরি ও বাজারজাতকরণ প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এসব প্রকল্পে ১৮ জন প্রতিবন্ধী ব্যক্তি ও ২২ জন দুস্থ ও অসহায় ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। উপজেলা প্রশাসন ও সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহযোগিতায় ফুলঝাড়ু তৈরি ও বাজারজাতকরণ প্রকল্পটি সচল রয়েছে। আমরা এই প্রকল্পটি আরো সম্প্রসারিত করতে চাই। আমাদের প্রকল্পের কার্যক্রম পরিচালনার জন্য একটি স্থায়ী অফিস ও জায়গার প্রয়োজন।

তিনি বিষয়টি হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার মোহাম্মদ হোসাইনের দৃষ্টিতে আনার জন্য উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানান এবং মোহাম্মদ হোসাইনের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করেন। পরে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সুলতান হোসেন বিষয়টি নিয়ে মোহাম্মদ হোসাইনের সঙ্গে পরামর্শ করার প্রতিশ্রুতি দেন এবং সকলকে ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই