মোঃ রকিবুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, চ্যানেল দৃষ্টি
রাজবাড়ী জেলার নবপ্রতিষ্ঠিত সমাজকল্যাণমূলক প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন “সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থা”-এর ১ম নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনটির স্বপ্নদ্রষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক মাইনুর নাহার।
১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম (হিটু চৌধুরী)।
সভায় সভাপতিত্ব করেন সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থা-এর সভাপতি এসএম রাকিব মেহেদী। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা-এর সভাপতি মোঃ রতন শেখ।
সভায় নবগঠিত নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ আবু বক্কর, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক সিহাব শেখ, কার্যনির্বাহী পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোন্নাব শেখ, সহ-সাধারণ সম্পাদক রোকেয়া আক্তার, মাসুদ মল্লিক, জমেলা খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা
এ সময় রাজবাড়ী জেলার সকল প্রতিবন্ধী ব্যক্তিকে স্ব-সংগঠিত করার উদ্যোগ গ্রহণ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের একটি সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ, সংগঠনের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যতে সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়েও সভায় মতবিনিময় করা হয়।
প্রস্তাবিত স্থায়ী কার্যালয়ের স্থান পরিদর্শন
আলোচনা শেষে সভায় উপস্থিত সকলে সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থার প্রস্তাবিত স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে রাজবাড়ী জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিত করা এবং তাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা আরও সহজ ও কার্যকর হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠিতকরণ, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার, অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সুবর্ণ নাগরিক পুনর্বাসন সংস্থার কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
চ্যানেল দৃষ্টি — তথ্য জানাবে, দৃষ্টি বদলাবে।




কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন